বর্ষবরণে যৌন নিপীড়কদের ‘একজন’ গ্রেফতার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৯
 
পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। বুধবার রাতে চকবাজার থেকে কামাল নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গত বছরের পহেলা বৈশাখে লাঞ্চনা করার ঘটনা ঘটলেও নয়মাস পর একজনকে গ্রেফতার করা হলো।
 
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, যৌন নিপীড়নের  ঘটনা তদন্ত করার পর নিশ্চিত হয়ে বুধবার রাতে চকবাজার এলাকা থেকে কামালা নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
 
তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে গ্রেফতার হওয়া কামাল একজন। তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। 
 
গত বছরের ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের যৌন নিপীড়ন করে। 
 
পরে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে আট নিপীড়ককে চিহ্নিত করার কথা জানান পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।