রাবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর মোহাম্মদ নাসের আর নেই

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:০২
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাসের (৫৬) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বেলা প্রায় ১১টায় নিজ বিভাগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান। বাদ আসর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাযে জানাযা শেষে বাগেরহাটে পারিবারিক গোরস্থানে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।
 
তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে পরিসংখ্যান শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রফেসর নাসের এর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। উপাচার্য ও উপ-উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।