তিন মশার কয়েল কারখানাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২০:০৩
 
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন মশার কয়েল বাজারজাত করার কারণে তিন কারখানা কর্তৃপক্ষকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইল ও রায়েরবাগ এলাকায় ওই তিনটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- শান্তা কেমিক্যাল কোম্পানী লিমিটেড’র মালিক কবির হোসেন ও সুপারভাইজার মুক্তার হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা, জামিল কনজ্যুমার লিমিটেডের মালিক নজরুল ইসলাম ও ম্যানেজার নজরুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং ‘ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টের মালিক মোয়াজ্জেম হোসেন জুয়েলকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
 

র‌্যাব-১০ এর অপস অফিসার এএসপি সাজ্জাদ হোসেন জানান, বিএসটিআই’র অনুমতি ব্যতিত অবৈধ লোগো ব্যবহার করে ও বিএসটিআইয়ের পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভেজাল মশার কয়েল তৈরী এবং মেয়াদ উত্তীর্ণ মশার কয়েল বাজারজাত করছে ‘শান্তা কেমিক্যাল কোম্পানী’ নামক প্রতিষ্ঠানটি। জেসিআই এঙ্গেল ব্র্যান্ডের সিনথেটিক ব্যবহার করে ডিটারজেন্ট পাউডার তৈরী এবং বিএসটিআইয়ের অনুমতি ব্যতিত অবৈধ লোগো ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে কনজ্যুমার প্রোডাক্টস প্রস্তুত করছে ‘জামিল কনজ্যুমার লিমিটেড’। এছাড়া বিএসটিআই’র অনুমতি ব্যতিত ‘রিয়েল স্পেশাল সোপ’ ব্র্যান্ড নামকরণ করে অবৈধ লোগো ব্যবহার করে কাপড় কাচার সাবান প্রস্তুত ও বাজারজাত করছে ‘ন্যাশনাল কনজ্যুমার প্রোডাক্টস’ প্রতিষ্ঠানটি।