সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপ দাবি করে সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মতো সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা।
বৈঠকে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ছাড়াও বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও মুনতাসীর মামুনসহ অন্য নেতারা অংশ নেন। এ সময় আইনমন্ত্রীর মাধ্যমে তাঁরা সরকারের কাছে ১২ দফা দাবি তুলে ধরেন।
লিখিত ওই দাবিনামায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের বৈষম্য ও নিপীড়নের অবসান ঘটাতে এবং ধর্ম-বর্ণসহ সব মানুষের অধিকার নিশ্চিত করতে সংখ্যালঘু কমিশন গঠন করতে আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।
আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা সংখ্যালঘু কমিশন গঠন ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। মন্ত্রী আমাদের প্রস্তাবকে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন।’
