জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার।
সমিতির নির্বাহী পরিষদের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম-সম্পাদক এবং ১০টি সদস্য পদে এ ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম।
২০১৬ সালের এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক শিক্ষকরা আলাদা প্যানেলে লড়ছেন। তবে ‘শিক্ষক সমিতি শিক্ষকদের দাবি আদায়ে কার্যকর নয়’অভিযোগ তুলে এতে অংশ নিচ্ছেন না বামপন্থি শিক্ষকরা।
গত ২০ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুসারে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট হবে; শনিবারই ফল ঘোষণা করা হবে। নির্বাচনে ভোটার ৫০৬ জন।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আবদুস ছালাম, সম্পাদক পদে সহযোগী অধ্যাপক বশির আহমেদ, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. রাশেদা আখতার ও যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক হোসনে আরা বেবী লড়ছেন।
প্যানেলে নির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক শেখ মনজুরুল হক, অধ্যাপক ড. খবির উদ্দিন, অধ্যাপক ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. অসিত বরন পাল, অধ্যাপক ড. কৌশিক সাহা, অধ্যাপক ড. খালেদ হোসাইন, অধ্যাপক ড. শাহেদুর রশিদ, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ, সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান ও প্রভাষক মো. রবিউল ইসলাম।
বিএনপি সমর্থক ‘বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক’প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, সহ-সভাপতি পদে অধ্যাপক ফিরোজা হোসেন, সম্পাদক পদে অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. নজরুল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন লড়ছেন।
প্যানেলে নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক আবেদা সুলতানা, অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক মো. নূরুল ইসলাম, অধ্যাপক মো. মনজুর ইলাহী, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, মো. জামাল উদ্দিন রুনু, মুহম্মদ নজরুল ইসলাম এবং মাসুম শাহরিয়ার।
