‘খালেদা জিয়া সার্বক্ষণিক দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত’

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৮:০৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়া সার্বক্ষণিক দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ৩০ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু তিনি সেখানেও ভুল ধরেছেন।’
 
শুক্রবার বিকাল সাড়ে চারটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তিনি কখনো এদেশ ও এদেশের শান্তিকামী জনগণের মঙ্গল চান না। দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে তিনি হরতালের নামে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। কিন্তু এই সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে জঙ্গিবাদ কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছে।’
 
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আবু বক্কর সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।
 
এতে অন্যান্যের মধ্যে অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, এমপি শাহানা রব্বানী, মুহিবুব রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের নেতা করুনা সিন্দু বাবুল, তাহিরপুর থানা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন ও জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।
 
এছাড়াও মন্ত্রী ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশিকুন্ডা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।