‘কালের যাত্রা’য় দুজনা

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:০৩

 

 

অ জে য়  চৌ ধু রী

 

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির অভিনয় ও নির্মাণে সমানতালেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে নিজের নির্দেশনার বাইরেও তিনি অন্য পরিচালকদের কাজ নিয়েও বেশ ব্যস্ত থাকেন। ‘হাজার বছর ধরে’ খ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী মীর সাব্বিরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অনেক নাটকেই অভিনয় করেছেন। এবার ভিন্নধর্মী একটি টেলিফিল্মে তারা দুজন জুটিবদ্ধ হয়ে আবারও অভিনয় করেছেন। টেলিফিল্মের নাম ‘কালের যাত্রা’। এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান ইশা। এরইমধ্যে রাজধানীর তিন শ ফুট এলাকায় টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘শশী ও আমার কাজের রসায়নটা শুরু থেকেই অনেক ভালো। শশী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। আমি জানি যে, যারা এই সময়ে চ্যালেঞ্জিং চরিত্রে কোনো অভিনেত্রীকে নিয়ে কাজ করতে চান, তারা শশীর কথা ভাবেন এবং তাকে নিয়ে কাজ করার চেষ্টা করেন। “কালের যাত্রা”য় শশী অসাধারণ অভিনয় করেছে। আমরা দুজন গল্পটি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি।’ শশী বলেন, ‘সাব্বির ভাই গুণী একজন অভিনেতা। সহশিল্পী হিসেবে তার সঙ্গে অনেক নাটকেই কাজ করেছি। আবার তার নির্দেশনাতেও কাজ করেছি। অভিনেতা হিসেবে সাব্বির ভাই সফল, পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি একজন দক্ষ নির্মাতা। “কালের যাত্রা”য় টেলিফিল্মে আমরা দুজন নিজেদের অভিনয়ে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। আশা করছি, ভালো লাগবে দর্শকের।’ নির্মাতা জানান শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে। এদিকে মীর সাব্বির নির্দেশিত ‘নোয়াশাল’ ধারাবাহিকটি নিয়মিত আরটিভিতে প্রচারিত হচ্ছে। কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমাতে টুনি চরিত্রে অভিনয় করে শুরুতেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন শশী। এরপর তিনি খিঁজির হায়াত খানের ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমাতেও অভিনয় করেন। মীর সাব্বির ও শশী অভিনীত ধারাবাহিক নাটক ‘সোনাভান’ প্রতি রবি ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় নিয়মিত প্রচারিত হচ্ছে। শশী এরইমধ্যে জুয়েল শরীফের নির্দেশনায় ‘ভুবন ডাঙ্গা’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শতাব্দী ওয়াদুদ। সম্প্রতি মাছরাঙ্গা টিভিতে প্রচারিত টেলিফিল্ম ‘দেহতরী’-তে শশীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।