সিলেটে শুরু হচ্ছে ‘রাজকন্যা’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:১৩

 

র ফি কু ল  ই স লা ম

 

এ কে আজাদ বগুড়া শহরের ফাপর ইউনিয়নের চকদুর্গা গ্রামের ছেলে। অন্যদিকে মিস বাংলাদেশ খ্যাত সালওয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। এই দুজন প্রথম একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। রাজু চৌধুরী পরিচালিত ‘রাজকন্যা’ সিনেমায় আজাদ ও সালওয়া অভিনয়ের জন্য এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২০ মার্চ থেকে সিলেটের মনোরম লোকশনে ‘রাজকন্যা’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। ‘রাজকন্যা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন সালওয়া। আজাদ সালওয়া, দুজনেরই জীবনের প্রথম সিনেমা ‘রাজকন্যা’। তাই দুজনেই নিজেদের প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আব্দুল বাসেত ও মর্জিনা বেগম দম্পতির ছোট সন্তান আজাদ ২০১৪ সালে ‘ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সিনেমায় অভিষেকের অপেক্ষায় ছিলেন অধীর আগ্রহ নিয়ে। অবশেষে প্রায় পাঁচ বছর পর সেই স্বপ্নপূরণে এগিয়ে এলেন রাজু চৌধুরী। অন্যদিকে সিনেমায় কাজ করার স্বপ্ন বুকে নিয়ে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি সালওয়াকে। নিজের জীবনের প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে আজাদ বলেন, ‘রাজু ভাই একজন ব্যবসাসফল অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক। প্রথম সিনেমাতেই তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি, এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। সঙ্গে সালওয়া আছে, সবকিছু মিলিয়ে আশা করছি খুউব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। আমি রাজকন্যায় ডুবে আছি এখন। আপাতত এর বাইরে অন্য কোনো ভাবনা নেই।’ এদিকে নিজের প্রথম সিনেমার শুটিং সিলেট হতে যাচ্ছে জেনে দারুণ উচ্ছ্বসিত সালওয়া। সালওয়া বলেন, ‘ধন্যবাদ রাজু ভাইকে তিনি আমাকে অনেক বড় একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি ভীষণ উচ্ছ্বসিত এ কারণেই যে নিজের প্রথম সিনেমার শুটিং হতে যাচ্ছে নিজের হোম টাউনে অর্থাত্ সিলেটে। কেন জানি মনে হচ্ছে, শুরুটা যেহেতু সিলেটে হচ্ছে, তাই পুরো সিনেমাটিই অনেক ভালো হবে। সিনেমায় চুক্তির পর থেকেই সবার কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ আজাদ অভিনীত প্রথম নাটক অরুণ চৌধুরীর ‘এই বাড়ি আমাদের’। তাহসানের ‘মন কারিগর’ গানে এর আগে মডেল হিসেবে কাজ করেছিলেন সালওয়া।