স্মার্টফোন এখন শুধু কথা বলার মাধ্যম নয়, তার চেয়েও বেশি কিছু। নানা কাজে ব্যবহার করা হয় ডিভাইসটিকে। তবে ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে চার্জ ফুরায় বলে ঝামেলাতেও পড়তে হয় ব্যবহারকারীদের। দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে চাইলেও অনেক কাজ করা যায় না। এই ঝামেলা থেকে বাঁচাতে শক্তিশালী ব্যাটারির একটি নতুন স্মার্টফোন এনেছে হ্যান্ডসেট নির্মাতা চীনা প্রতিষ্ঠান জিওনি। ‘ম্যারাথন এম৫ মিনি’ নামের এই কম দামী ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের (এমপি) রিয়ার ক্যামেরা।
ডিভাইসটি বর্তমানে নাইজেরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। শিগগিরই তা অন্যান্য দেশের বাজারে পাওয়া যাবে। সূত্র- এনডিটিভি।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের মূলশক্তি-এর ৪০০০ এমএএইচ লি-পো ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধা দেবে। এছাড়াও এতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি।
এতে ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ৬৪-বিট ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৫৮০ এসওসি ব্যবহার করা হয়েছে। ২ জিবি র্যামের এই ফোনে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৮ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ৮ এমপি’র রিয়ার ক্যামেরা ও ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ এমপি’র ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটি থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি ওটিজি এবং মাইক্রো ইউএসবি সমর্থন করবে।
