সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ০৯:৫৫
সাভারের কলমায় রিমা আক্তার (২৩) নামের এক গৃহবধ‍ূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধ‍ূর স্বামী আনিসুজ্জামান পলাতক রয়েছেন। 
শুক্রবার দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
 
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিক রিমা আক্তার ও তার স্বামী আনিসুজ্জামান গত ১ জানুয়ারি কলমা এলাকার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া নেন। কয়েকদিন পর স্বামী তার স্ত্রীকে হত্যার পর ওই কক্ষের বাথরুমের ফলস সিলিংয়ের উপর লাশটি রেখে ফ্লাটের মূল ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যান। 
 
শুক্রবার সন্ধ্যায় ওই ফ্লাটের চারতলার খালি থাকা অপর একটি কক্ষ ভাড়া নেন এক ব্যক্তি। এ সময় ওই কক্ষের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে তারা থানায় খবর দেয়। পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।