গুরুত্বপূর্ণ তথ্য আগে দেখানোর ফিচার জিমেইলে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১১:১২
মেইল আদান-প্রদান সেবা জিমেইল অ্যাপে যোগ করা হয়েছে নতুন একটি ফিচার। এটি ব্যবহারকারীদের ইনবক্সে আসা বিভিন্ন ফাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করা এবং তা জিমেইল অনুসন্ধান ফলাফলে প্রদর্শন করবে। অর্থাৎ এ ফিচার জিমেইলে অপ্রয়োজনীয় তথ্যগুলোকে পেছনে ফেলে আগে প্রয়োজনীয় তথ্য দেখাবে। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
গুগলের মূল অনুসন্ধান সেবার সঙ্গে নতুন ফিচারটির অনেক মিল রয়েছে।
 
সূত্রের খবরে প্রকাশ, প্রতিদিন হাজারও মেইল আসে। এসবের মধ্যে যদি কোনো প্রকার লেনদেনের তথ্য বা ফ্লাইট ভ্রমণ-সংশ্লিষ্ট কোনো তথ্য থাকে, তবে ইনবক্সে ওই মেইলগুলো থেকে তথ্য বের করে এনে দেখাবে নতুন ফিচার। এতে এসব তথ্য আর খুঁজে বের করার ঝামেলায় যেতে হবে না ব্যবহারকারীদের।
 
এ ব্যাপারে জিমেইলের পণ্য ব্যবস্থাপক গোবিন্দ কুশল এক বিবৃতিতে জানান, বেশি বেশি মেইল আদান-প্রদানের কারণে প্রায়ই অনেক গুরুত্বপূর্ণ তথ্য চাপা পড়ে যায়। এক্ষেত্রে নতুন ফিচার ভূমিকা রাখবে।
 
বিশ্লেষকদের মতে, জিমেইল ব্যবহারকারীর সময় ও শ্রম দুটোই লাঘব করবে নতুন ফিচার, যা অনলাইনে বিভিন্ন তথ্য ব্যবস্থাপনাকে আরও সহজ করবে। এতে জিমেইল অ্যাপের জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যাবে।