নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচকে সঙ্গে নিয়ে অনেকগুলো গান ও নাটকের কাজে হাত দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ইসমাইল খন্দকার। এটিএন বাংলায় প্রচারিত ইসমাইলের অনুষ্ঠান ‘স্মাইল শো’র আগামী পর্বে অনুরূপের লেখা গান প্রচারিত হবে খন্দকার বাপ্পি ও বর্ষা মাহমুদের কণ্ঠে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অনুরূপ আইচের লেখা ‘শুভ জন্মদিন জাতির পিতা’ গানে কণ্ঠ দিয়েছেন ইসমাইল খন্দকার। ইফতিখার ইফতির সুর ও সংগীত পরিচালনায় এই গান ইউটিউবে প্রকাশের পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠানে প্রচারিত হবে। এ প্রসঙ্গে টিভি অনুষ্ঠান নির্মাতা ও উপস্থাপক ইসমাইল খন্দকার বলেন, ‘উপস্থাপনায় আমার খ্যাতি এলেও ছোটবেলা থেকেই গান ও অভিনয়ের প্রতি আমার একটা আলাদা টান আছে। এর আগেও কিছু গান করেছি। সেই গানে প্রশংসা পাওয়ার পরে ভাবলাম, বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান করব। এ বিষয়ে গীতিকার অনুরূপ আইচের শরণাপন্ন হলে তিনি আমাকে উত্সাহ দেন এবং গান লিখে দেন। এরমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন এই গানের চিত্রায়ণের কাজ করছি।’
একাধিক গান ছাড়াও অনুরূপ আইচের লেখা নাটক ও টেলিফিল্ম নির্মাণ করছেন বলে জানান ইসমাইল খন্দকার। ঈদেও অনুরূপ আইচের লেখা গান পাওয়া যাবে খন্দকার ইসমাইলের ‘ঈদের বাজনা বাজারে’ অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘খন্দকার ইসমাইলের সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক হলেও একসঙ্গে একটানা কাজ হয়নি। এবার তার উদ্যোগে আমি তার জন্য বেশ কিছু গান, নাটক ও টেলিফিল্ম লিখছি। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমার লেখা গানটি ইসমাইলের কণ্ঠে নন্দিত হওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী।’
