ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, পেঁয়াজের জমিতে সেচ দেয়া নিয়ে জিলু মোল্যা ও সালাম মন্সীর দলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় দলের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় দলের ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত মজিবর মুন্সী, আজমত আলী ও আতিক মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সালথা থানার এসআই ফরহাদ হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষ চলাকালে কিছু দেশিয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।'
