মানিকগঞ্জের শিবালয়ে চায়না বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চায়নার বাবা আকতার প্রধান জানান, শুক্রবার সন্ধ্যায় তার আরেক মেয়ে রুমার মাধ্যমে তিনি জানতে পারেন, চায়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই রাতেই তারা ছুটে যান চায়নার শ্বশুর বাড়িতে। সেখানে চায়নাকে উঠানে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। শ্বশুর বাড়ির লোকজন চায়নাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, 'এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।'
নিহত চায়না রামনগর গ্রামের তৈরি পোশাক কর্মী আরিফ হোসেনের স্ত্রী। তিনি দৌলতপুর উপজেলার চর খলশী গ্রামের আকতার প্রধানের মেয়ে।
