ফেসবুক ও ইন্সটাগ্রামে ব্যক্তিগত বন্দুকের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭
ফেসবুক ও ছবি বিনিময় সার্ভিস ইন্সটাগ্রামে ব্যক্তিগত বন্দুকের বিজ্ঞাপন দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফেসবুক এর আগে পরিচয় পত্র পরীক্ষা নীরিক্ষা ছাড়া বন্দুক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
 
ব্যবসা প্রতিষ্ঠান ফেসবুক ও ইন্সটাগ্রামে এখন পর্যন্ত বন্দুকের বিজ্ঞাপন দিতে পারে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বন্দুক কেনার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের তিন সপ্তাহ পর এ পদক্ষেপ নেয়া হল।বন্দুক বিরোধী সংগঠন এভরিটাউন ফর গান সেফটির শ্যানন ওয়াটস বলেন, ফেসবুক বিপজ্জনক লোকদের বন্দুক পেতে ‘দুভার্গক্রমে ও অনিচ্ছাকৃত’ অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
 
সংগঠনটি জানায়, ফেসবুকের মাধ্যমে বন্দুক কিনে হত্যার ঘটনায় তা ব্যবহার করার কমপক্ষে দুটি নজির পাওয়া গেছে। যে কয়টি সংগঠন ফেসবুককে তাদের এ সংক্রান্ত নীতি পরিবর্তনের আহবান জানিয়ে আসছে এভরিটাউন ফর গান সেফটি তার মধ্যে অন্যতম।
 
ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অবশ্য বন্দুক নীতি পরবির্তনের বিরোধিতা করে আসছে। সংগঠনটি এখন পর্যন্ত ফেসবুকের সিদ্ধান্তের কোন প্রতিক্রিয়া জানায়নি।তবে নতুন করে এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ফেসবুক ও টুইটার ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে সব ধরণের বন্দুক ব্যবসা বন্ধ করা।