ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ভাল মানুষের জীবনী ও ভাল বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
আনিসুল হক বলেন, ‘মানুষ স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চেয়েও বড়। মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখে, আর তোমাদের জীবনে স্বপ্ন দেখাটা কেবল শুরু। জীবনে বড় হতে হলে স্বপ্ন দেখতে হবে।’
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ইউনিভার্সিটির চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদযাপিত হয়।
আনিসুল হক ব্যক্তি জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমার জীবনে অর্জনের পিছনে সবচেয়ে বড় শক্তি মায়ের দোয়া। তিনি শিক্ষার্থীদের মা-বাবার প্রতি ভক্তি এবং শিক্ষাগুরুদের সম্মান প্রদর্শনেরও পরামর্শ দেন।
তিনি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানসম্মত ও সময় উপযোগী শিক্ষা সুযোগকে কাজে লাগিয়ে উন্নত ক্যারিয়ার গঠনের পরামর্শ দেন।
ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ট্রেজারার হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও পরিচালক (স্থায়ী ক্যাম্পাস) ড. মোস্তফা কামাল।
