শান্তি ও মৈত্রীর আহ্বান জানিয়ে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০১৬। ১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে জাতীয় কবিতা পরিষদের এই কবিতা যাত্রা শুরু। এ বছর তা ৩০তম বর্ষে পা রাখছে।
‘কবিতা শান্তির, কবিতা মৈত্রীর’এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব।
সব্যসাচি কবি সৈয়দ শামসুল হক সকাল ১০টায় জাতীয় কবিতা উৎসব ২০১৬ উদ্বোধন করবেন। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উৎসব স্থলে এসে মূল অনুষ্ঠান শুরু হবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই যথারীতি উৎসব শুরু হবে। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার একথা জানানো হয়। জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন।
