মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা সদস্যদের তালিকা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২০:৪৬
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যে সব ভারতীয় সেনা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় সফরে গিয়ে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। শহীদ ভারতীয় সেনা সদস্যদের তালিকা তৈরি হচ্ছে।
 
শনিবার জাতীয় জাদুঘরে বাংলাদেশ সেক্টর কমান্ডার ফোরাম আয়োজিত লে. জেনারেল জেএফ আর জ্যাকবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মুনতাসির মামুন, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স এ্যাটাচি সি, এস নন্দা, ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির, ক্যাপ্টেন (অব.) শচীন কর্মকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা মহাজোটের সাধারন সম্পাদক নাজমুল আহসান পাখী প্রমুখ।
 
মন্ত্রী বলেন, জেনারেল জ্যাকব পাকিস্তানী সেনা সদস্যদের আত্মসমর্পন চুক্তি নিজে লিখেছিলেন। সেখানে উল্লেখ রয়েছে যে, পাকিস্তানী সেনা সদস্যরা ‘যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে’। বিষয়টি ছিল লে. জেনারেল জ্যাকবের দূরদর্শিতা ।
 
মোজাম্মেল হক বলেন, জেনারেল জ্যাকবের মৃত্যুর পর তার শেষকৃত অনুষ্ঠানে যোগ দিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ অপেক্ষা করবে না বলে জানানোর পর ভারতে আমাদের প্রতিনিধি দল যায়নি।
 
তিনি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেদিন ভারতের মহিয়সী নারী ইন্দিরা গান্ধী আমাদের জায়গা দিয়ে, অস্ত্র দিয়ে খাদ্য দিয়ে সাহায্য না করলে এতো অল্প সময়ের মধ্যে দেশ স্বাধীন হতোনা।
 
সভায় জ্যাকবের নামে একটি সড়কের নামকরণ ও মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করার প্রস্তাব গ্রহণ করা হয়।