আবৃত্তি ও নাচে মাতালো আমরা ক’জন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:২৩

আমিনুল ইসলাম হিরু

বগুড়া অফিস

 

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে গত ৬ মার্চ সন্ধ্যায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর আয়োজনে বগুড়া উড্ডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা আবৃত্তি ও নৃত্যালেখ্য ‘একাত্তরের কথা’ অনুষ্ঠিত হয়। শুরুতেই নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’ দলীয় কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক  মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক বজলুল করিম বাহার ও বিশিষ্ট কবি সাহিত্যিক শোয়েব শাহরিয়ার। দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ারকে উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সেইসঙ্গে বরণ ডালা অতিথির হাতে তুলে দেন কথাসাহিত্যিক-প্রাবন্ধিক বজলুল করিম বাহার ও বিশিষ্ট কবি-সাহিত্যিক শোয়েব শাহরিয়ার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক গোলাম সারোয়ার। এরপর অতিথিদের বক্তব্যের পাশাপাশি কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, সুকুমার রায় ও অঞ্জন মেহেদী রচিত লায়ন আব্দুল মোবিনের পরিচালনায় কবিতা আবৃত্তি করেন জারিফ মুশরারাত মায়িশা, রোদেলা আকাশ, মুয়িনা ইসলাম, আবরার জাহিন, হায়াত মাহমুদ নাবিল, তালাত মাহমুদ নিলয়, নোমান ইসলাম প্রতিক, মুত্তাকিন ইসলাম মিহির, সুয়াদ নাওয়াস তিহাম ও আদ্রিত রহমান আদি। শেষে মাহাবুব হাসান সোহাগের পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যালেখ্য একাত্তরের কথা মঞ্চস্থ হয়। শীতের সন্ধ্যায় ঝলমলে রঙিন মঞ্চে তানজিনা সেলিমের উপস্থাপনায় শিল্পীদের আবৃত্তি ও নৃত্যালেখ্য পরিবেশন হলভর্তি শ্রোতা-দর্শকদের বিমোহিত করে।