রায়পুরায় ‘লালজমিন’ মঞ্চস্থ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:২৫

মো. মোস্তফা খান

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

 

নরসিংদীর রায়পুরাতে শূন্যন রেপার্টরি থিয়েটারের নাটক ‘লালজমিন’ মঞ্চস্থ হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মঞ্চে নাটকটির ১৯৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাট্যকার মান্নান হীরার রচনায় ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় এতে একক অভিয়ন করেন অভিনেত্রী মোমেনা চৌধুরী।

দর্শকসারিতে বসে লালজমিন উপভোগ করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুল ইসলাম সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন প্রমুখ।

লালজমিন নাটকের গল্পে দেখা যায়, ১৩-১৪ বছরের এক কিশোরীর কন্যার গল্প। তার বাবা মুক্তিযুদ্ধে চলে যায়। সে-ও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বয়স তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় না। ৩ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকবাহিনীর হাতে শহীদ হন অসংখ্য নর-নারী। ৫ যুবতীসহ যুদ্ধযাত্রী এই কিশোরীর জীবনে ঘটে নানা অভিজ্ঞতা। পাকসেনাদের পাশবিক নির্যাতনে ১৪ বছরের কিশোরীর ধবধবে সাদাজমিন যুদ্ধকালীন ৯ মাসে রক্তরাঙা হয়ে ওঠে। ‘লালজমিন’ কিশোরীর রক্তরাঙা অভিজ্ঞতার মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এরইমধ্যে লালজমিন নাটকটি দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।