মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পে নতুন পরিচালক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭
মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম।
 
এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ‘ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’প্রকল্পের পিডি নিয়োগে রবিবার তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
গত ২০ ডিসেম্বর আরএমপি প্রকল্পের পিডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
 
আলাদা আদেশে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলমের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
 
২০১৩ সালের ২৭ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান খুরশেদ আলম।
 
এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদকে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।