শহীদদের নাম জানি, ক্ষমতায় গেলে তালিকা: নজরুল

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লাখ নিয়ে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তারা ক্ষমতায় গেলে ‘সঠিক সংখ্যা’নিয়ে তালিকা করবেন।
 
তিনি বলেছেন, শহীদদের নাম আমরা জানি। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখা হোক। আমি নিশ্চিতভাবে আশা করি, যদি আল্লাহর মেহেরবানীতে আমরা আবার দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য।
 
রবিবার নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।
 
বিএনপি চেয়ারপারসন সম্প্রতি এক সভায় মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাও হয়েছে।
 
নজরুল বলেন, শহীদদের সংখ্যা নিয়ে এই যে দ্বিমত বা বির্তক, এতে কোনোভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের কারও প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ পায় না। বরঞ্চ এই দাবি আমাদের দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক।
 
দলীয় প্রধানের বক্তব্যের পক্ষে অবস্থান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি বলেছেন, শহীদদের যে সংখ্যা বলা হচ্ছে এটা নিয়ে নিয়ে বির্তক আছে। একশ বার বির্তক আছে। এজন্য তৎকালীন সরকারের সময়েই পুলিশের আইজি আবদুর রহীম সাহেবের নেতৃত্বে কমিটি করা হয়েছিল প্রকৃত সংখ্যাটা বের করার জন্য। কিন্তু অজ্ঞাত কারণে ১৯৭৪ সালে সেই কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। কেবল তাই নয়, শহীদদের সংখ্যা নিয়ে কত বইতে, কত ব্যক্তির বক্তব্যে কত রকম সংখ্যা আছে। তাজউদ্দীন সাহেব যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে সময়ে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন তিনি জাতির উদ্দেশে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় ১০ লাখ লোক শহীদ হয়েছে। এখন তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেন। বেগম জিয়া বলেছেন যে এটা নিয়ে বির্তক আছে। আর উনি (তাজউদ্দীন আহমদ) তো সংখ্যা বলে দিয়েছিলেন।