‘আওয়ামী লীগের শাসনকালেই দেশের সবকিছু অর্জিত’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ২০:০০
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের যা কিছু অর্জন তা কেবল আওয়ামী লীগের শাসনামলের। আওয়ামী লীগের শাসনামলে দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়।’
 
রবিবার বেলা ১২ টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে মন্ত্রী এ কথা বলেন।
 
দলটির সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনৈতিক, কূটনৈতিক, অবকাঠমো থেকে শুরু করে খেলাধুলার ক্ষেত্রে যে উন্নয়ন তা কেবল আওয়ামী লীগের শাসনকালেই হয়েছে।
 
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ।
 
এতে দলটির কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈশিং, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রিয় নেতা সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, শাহজাদা মহিউদ্দিন ও প্রশান্ত ভূষণ বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন।