মা-মেয়ে একসাথে...

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৯:৩৫

বিনোদন রিপোর্ট

 

প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গুণী এই মানুষটির মেয়ে তানি লায়লাও গান করেন। তবে নিয়মিত গান বা পরিচিত মুখ নন তিনি। প্রায় ১৪ বছর আগে গান প্রকাশ হয় তানির। এত বছর পর আবারো নতুন গান গাইলেন তিনি।

রুনা লায়লার সুরে নতুন গানে কণ্ঠ দিলেন তানি। যুক্তরাজ্য প্রবাসী পাঞ্জাবি সঙ্গীত পরিচালক রাজা কাশেফের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। 

 ‘আমি কেন তোমারই হয়ে গেছি’ শিরোনামে গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। দীর্ঘ সঙ্গীতজীবন পার করে গতবছর গানের সুরও করেন রুনা। এবার মেয়ের গানের সুর করলেন তিনি।

গানের রেকর্ডিয়ের সময় রুনা লায়লাও উপস্থিত ছিলেন।

রুনা লায়লা বলেন, ‘এটি ভীষণ আনন্দের বিষয় যে, আমার মেয়ের গানের সুর করেছি। বেশ ভালো গান করেছে। এই মন্তব্যটা একজন শ্রোতার জায়গা থেকে করলাম। আমার বিশ্বাস শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। এখন অপেক্ষা গানটি প্রকাশের।’

তানি লায়লা যুক্তরাজ্যে দুই সন্তান ও স্বামী নিয়ে বসবাস করছেন। নিজে গানে নিয়মিত না থাকলেও তার সন্তান জাইন ও অ্যারনকে বাংলা গানের তালিম দিয়ে বড় করছেন।