বোমায় আহত সেই অনিক-হৃদয়ের পরীক্ষায় অংশ গ্রহণ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৪
ফেনীতে এসএসসি, দাখিল, কারিগরী (ভোকেশনাল) পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। গত বছর ফেনী শহরের ট্রাংক রোডে দুর্বৃত্তদের বোমা হামলায় আহত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিনহাজুল ইসলাম অনিক ও শাহরিয়ার হৃদয় এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। 
 
তাদের দুজনের এক চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে আলো স্বল্পতা দেখা দেয়। ফলে পরীক্ষার কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম টেবিল ল্যাম্প ব্যবস্থা করে দিবেন বলে জানান।
 
জেলার ৬টি উপজেলায় ২৯টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে মোট ১৯ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো সোমবার সকালে ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান পরিদর্শন করেছেন। তিনি বলেন, 'ফেনীতে পরীক্ষার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।'
 
এ সময় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।