সঞ্জিতের বদলে দলে ঢুকলেন মোসাব্বেক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৮
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ অফস্পিনার সঞ্জিত সাহার বদলে নেয়া হয়েছে অলরাউন্ডার মোসাব্বেক হোসেন সানকে। সঞ্জিতের মতোই অফ স্পিনার মোসাব্বেক বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো।
 
১৭ বছর বয়সী মোসাব্বেক অনূর্ধ্ব-১৯ দলে নিয়মিত খেলেছেন গত জুলাই পর্যন্ত। তবে দক্ষিণ আফ্রিকা সফরের পর জায়গা হারান দলে। মোসাব্বেকের বড় ভাই মোসাদ্দেক হোসেন বাংলাদেশের হয়ে খেলেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। পরে আলোচনায় উঠে এসেছেন ঘরোয়া ক্রিকেটের রানের জোয়ার বইয়ে দিয়ে। 
 
কয়েক দিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকও হয়েছে মোসাদ্দেকের। নানা কারণে পথ থেকে খানিকটা ছিটকে পড়েছিলেন ছোট ভাই মোসাব্বেক। তবে সঞ্জিতের দুর্ভাগ্যই তার জন্য বয়ে আনল সৌভাগ্য। যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রশ্নবিদ্ধ হয় সঞ্জিতের বোলিং অ্যাকশন। পরে ভিডিও বিশ্লেষণ করে দ্বিতীয় ম্যাচের আগের রাতে আইসিসির বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেয়, অবৈধ অ্যাকশনের কারণে বোলিং করতে পারবেন না সঞ্জিত।