নরওয়েতে স্বাভাবিক পরিবেশে পুলিশ সদস্যদের আগ্নেয়াস্ত্র বহন করতে দেওয়া হয় না। কিন্তু দেশজুড়ে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় ২০১৪ সালের তাদের হাতে অস্ত্র তুলে দেয় সরকার। সেই ঝুঁকি কেটে যাওয়ায় আবারও পুলিশ বাহিনীকে নিরস্ত্র করছে নরওয়ে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার একথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পুলিশ অধিদফতরের কর্মকর্তারা এখন বলছেন, এই মুহূর্তে পুলিশের হাতে অস্ত্র থাকাটা খুব জরুরি বলে বিবেচিত হচ্ছে না। তাই বাহিনীর সদস্যদের হাতে আর অস্ত্র থাকবে না। শিগগির এ পদক্ষেপ কার্যকর হবে।
২০১৪ সালে নভেম্বরে নিরাপত্তা ঝুঁকির কারণে প্রশিক্ষিত পুলিশ সদস্যদের হাতে অস্ত্র দেওয়া হয়েছিল। সেসময় ওই সিদ্ধান্তকে ‘সাময়িক’ বলে উল্লেখ করা হয়। কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার পর পুলিশের অস্ত্র বহনের ওই সময়সীমা বাড়ানো হয়।
পুলিশ অধিদফতরের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি প্রয়োজন হয়, তবে অস্ত্র চালনায় প্রশিক্ষিত পুলিশ বাহিনীর হাতে আবারও সরঞ্জাম তুলে দেওয়া হবে। তবে, সেটাও হবে সাময়িক। ইন্ডিপেন্ডেন্ট
