চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে এক হাজার মামলা করেছে পুলিশ। সব অটোরিকশা মালিককে গাড়িতে মিটার লাগাতে রবিবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল। সেই সময় পার হওয়ার পর সোমবার নগরীতে অভিযান শুরু করে পুলিশ।
এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সময়টিকে বাদ রেখে দুপুর থেকে মোড়ে মোড়ে সিএনজি অটোরিকশায় মিটারের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ সদস্যরা।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান বলেন, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে এক হাজারের মতো মামলা হয়েছে। মিটারবিহীন এসব গাড়ির বিরুদ্ধে নগরীতে বিভিন্ন স্পটে পুলিশের পাঁচটি টিম কাজ করছে বলে জানান তিনি। যতদিন মিটারবিহীন সিএনজি অটোরিকশা থাকবে ততদিন অভিযান চলবে, বলেন শহীদুর।
বিআরটিএর মিটার মনিটরিং সেলের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সিএনজি মালিক সমিতির সভাপতি হায়দার আজম জানান, গত বছরের অক্টোবরের মধ্যে এসব মিটার লাগানোর কথা ছিল। কিন্তু যে কোম্পানি মিটার বসাবে, তাদের ধীরগতির কারণে সেটা হয়নি। কোম্পানিগুলোর ধীরগতি, সফটওয়ারের সমস্যাসহ নানা কারণ দেখিয়ে আরো দুই মাস সময় চেয়ে নিয়েছিল মালিক সমিতি। এর মধ্যে প্রায় ৬০ ভাগ সিএনজি অটোরিকশায় মিটার স্থাপনের কাজ শেষ হয়েছে। গত দুই দিনে সেটা আরো এগিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আশা করি মিটার স্থাপনের কাজ শেষ হবে।
