রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় এবার মেলা জমবে: মাহমুদুল হক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৮
স্বনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান মাওলা ব্রাদার্স এবারের মেলায় প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ প্রকাশ করবে। সাহিত্যের প্রায় প্রতিটি শাখারই গ্রন্থ প্রকাশ করবে এবার প্রতিষ্ঠানটি। এর স্বত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক বলেন, এবার মেলা জমবে। প্রথমদিন থেকেই পাঠকদের উপস্থিতি বেশ ভাল। তাছাড়া রাজনৈতিক পরিবেশ ভাল। গত তিনটি বছর বেশ চাপের মধ্যদিয়ে গেছে বইমেলা। আশা করছি এই সুন্দর ছিমছাম পরিবেশের মধ্যদিয়ে যদি পুরো মাস কাটে তবে পাঠক-প্রকাশক সবার জন্যই তা মঙ্গল বয়ে আনবে।
 
তিনি বলেন, মেলাকে একাডেমির বাইরে নিয়ে আসার ফলে আমাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। এবারের বইমেলা বিস্তৃত হয়েছে। গতবারের তুলনায় মেলার পরিসর তিনগুণ বেড়েছে। এখনো পুরো মেলা গুছিয়ে ওঠেনি তাই এর সৌন্দর্যের দিকটা পাঠকরা এখনো বুঝতে পারছেন না। তবে দু’একদিনের মধ্যে মেলা গুছিয়ে উঠলে ভালো লাগবে।
তিনি আরো বলেন, এত বড় একটা আয়োজন কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে। গত কয়েক বছরের ত্রুটি কাটিয়ে মেলা এবার অনেক খোলামেলা প্রাণবন্ত হয়ে উঠবার ইঙ্গিত দিচ্ছে। তিনি বললেন, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে এবারে মেলা কমিটির প্রস্তুতি বেশ ভালো বলে মনে হচ্ছে।