শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে আগ্রহী জাপান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯
 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে জাপান আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতাবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানান।
 
জাপানি রাষ্ট্রদূত জানান, ইতোমধ্যে জাপান এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছেন। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত বিমান বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন।
 
মন্ত্রী বাংলাদেশে আরো অধিক জাপানি পর্যটক আগমনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ বুু্দ্ধিস্ট সার্কিট সম্মেলন আয়োজন করেছে এবং বাংলাদেশ বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে যা জাপানিদের আকৃষ্ট করতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান।

খবর বাসসের।