মৌলভীবাজারের আকবরপুরে বাসের চাপায় সুমা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুমা আক্তার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাবির মিয়ার মেয়ে এবং আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও এলাকাবাসী শায়েক আহমদ জানান, সুমা সকালে স্কুল থেকে বের হয়ে চিপস কেনার জন্য দোকানে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ বিরতীহীন নামের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
