সমকামীদের অধিকার বিবেচনায় নিচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০১
 
ভারতের সর্বোচ্চ আদালত সমকামীদের অধিকার বিবেচনা করতে দেশটিতে প্রচলিত বহু পুরনো একটি আইন পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে সমকামিতা সংক্রান্ত ঔপনিবেশিক আমলের আইন প্রচলিত আছে। এই আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এর জন্য সর্বোচ্চ ১০ বছরের সাজার বিধান রাখা হয়েছে।
 
এর আগে ২০১৩ সালে ভারতের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছিল, সমকামিতাকে নিষিদ্ধ করা সংক্রান্ত ১৮৬১ সালের আইনটি কেবলমাত্র পার্লামেন্টই পরিবর্তন করতে পারে। এবার ওই রায়টি পুনর্বিবেচনা করতে পাঁচ সদস্যের একটি প্যানেল তৈরি করেছে সুপ্রিম কোর্ট।
 
আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, ভারতের সমকামী অধিকার কর্মীরা। তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের অধিকারের বিষয়টি বিবেচনায় নিবে।
 
এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল। ওই ধারায় সমকামকে 'প্রকৃতিবিরুদ্ধ' হিসেবে বর্ণনা করা হয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট