ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাংকের বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থা’র (মিগা) ভাইস-প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) এস. বিজয় আয়ার ঢাকা সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো, শিল্প উত্পাদন ও কৃষি খাতে বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাগুলো নিয়ে কাজ করবেন। ১৪ মার্চ পর্যন্ত এই সফরকালে তিনি সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বেসরকারি খাত, শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে গতকাল বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে মিগার ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিগত একদশকে বাংলাদেশের বাজার অর্থনীতির অনেক সম্প্রসারণ হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের বৃহত্ ৩০ অর্থনীতির একটি দেশে পরিণত হবে। অর্থনীতির আকারও ট্রিলিয়ন ডলার ছাড়াবে। তিনি উল্লেখ করেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগকে আরো নিরাপদ করতে হবে। বিশেষ করে প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ খাত, জ্বালানি, অবকাঠামো, শিল্পউত্পাদন এবং কৃষিখাত নিয়ে কাজ করবে মিগা। বিশ্বব্যাংক জানিয়েছে, মিগা বর্তমানে বাংলাদেশের নরসিংদীতে জ্বালানি সাশ্রয়ী সার কারখানায় বিনিয়োগের গ্যারান্টার হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের ১১১টি উন্নয়নশীল দেশে গত এক দশকে মিগার মাধ্যমে ৮৪৫ প্রকল্পে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় এই খাতে এগিয়ে এসেছে মিগা। মূলত উন্নয়নশীল দেশগুলোতে বড় বিনিয়োগের গ্যারান্টার হিসেবে কাজ করছে বিশ্বব্যাংকের সংস্থা মিগা। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডা) ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) থেকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা পাচ্ছে। এবার মিগার মাধ্যমে সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগের মেগা প্রকল্পে অর্থায়ন হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্পেও গ্যারান্টার হিসেবে কাজ করছে মিগা।
