নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের নাম প্রস্তাব

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪২
 
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। নাম গোপন রেখে যুক্তরাষ্ট্রের এক নাগরিক ট্রাম্পের নাম প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন, যুক্তরাষ্ট্রের জ্বালানীমন্ত্রী আর্নেস্ট মনিজ ও ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহির নামও প্রস্তাব করা হয়েছে।
 
নোবেল পুরস্কারের জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ বিভিন্ন জনের নাম প্রস্তাব করতে পারেন। এদের মধ্য থেকে প্রায় ২০০ জনের মতো মানুষকে মনোনয়ন দেয় নোবেল শান্তি কমিটি।
 
ট্রাম্পের নাম প্রস্তাব করার যুক্তি হিসেবে বলা হয়েছে, 'শান্তির জন্য ট্রাম্পের আদর্শিক অবস্থান অটল। তার এই অবস্থান কট্টর ইসলাম, ইসলামিক স্টেট, পারমাণবিক শক্তিধর ইরান ও কমিউনিস্ট চীনের জন্য হুমকির মতো কাজ করে।' তবে ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে খবরে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
 
এর আগে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তোলার দাবি জানানোর কারণেও তার কুখ্যাতি রয়েছে। সূত্র: ইনডিপেন্ডেন্ট