বিডার সেমিনারে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে রোবটিক্স প্রযুক্তি। প্রযুক্তির সাথে তালমিলিয়ে তাই দেশের তরুণদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই রয়েছে। দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে দেশের রূপান্তর করতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়েজনে ‘ইন্ডাস্ট্রি ৪.০-ট্রান্সফরমেটিভ টেকনোলজি ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম সেমিনারে সভাপত্বি করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে হারভার্ড ল স্কুল হতে আগত গবেষক অংশগ্রহণ করেন। আবুল কালাম আজাদ বলেন, উচ্চতর প্রযুক্তি ব্যবহারে আমাদের ভয় পেলে চলবে না। ভবিষ্যতের উত্পাদন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে রোবটিক্স প্রযুক্তির ব্যবহারের সাথে আমাদের মানিয়ে নিতে প্রস্তুত হতে হবে। এজন্য প্রয়োজন দক্ষতা।
কাজী আমিনুল ইসলাম বলেন, প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই আছে। বাংলাদেশের প্রধান শক্তি জনগণ। জনশক্তির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের রূপান্তর ঘটাতে হবে। সেমিনারে পবন চৌধুরী অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়া সেমিনারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মাদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক, ডিউক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু আবদুল্লাহ বক্তব্য রাখেন।
