চন্দ্রঘোনায় পাউবোর জলাশয়ে স্থাপনা নির্মাণের অভিযোগ!

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩০

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলাশয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত্ পতিত অবস্থায় এই জলাশয় নানা আবর্জনায় ভরে যাচ্ছে। ইতোমধ্যে জলাশয় পাড়ের বিস্তীর্ণ জায়গা বেদখল হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ব্যবস্থা না থাকায় জবর দখল শুরু হয়ে গেছে জলাশয়েও। মাটি ভরাট করে অবাধে বহুতল ভবন, কারখানাসহ নানা স্থাপনা নির্মাণ করছে দখলকারীরা।

সরেজমিনে দেখা গেছে, জলাশয়জুড়ে বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে স্থাপনা। জলাশয় ভরাট করে নির্মিত হয়েছে ময়দার মিল, রাইস মিল ও আসবাবপত্রের কারখানাসহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অভিযুক্তদের মধ্যে নুরুল হক, আবুল হাসেম, আব্দুল মন্নান, আমির হামজাসহ অনেকে বলেন, পতিত জলাশয় সংস্কার করে স্থাপনা তৈরি করেছি। কর্তৃপক্ষ চাইলে দখল ছেড়ে দেব।

লিচুবাগানস্থ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ইকবাল হোসেন বলেন, ‘দখলকারীরা আমাদের আপত্তির তোয়াক্কা করে না।’

সহকারী প্রকৌশলী পেলে বড়ুয়া বলেন, ‘জবর দখলকারীদের উত্পাত ঠেকানো কঠিন হয়ে পড়েছে।’

নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া বলেন, ‘চন্দ্রঘোনা লিচুবাগানে পানি উন্নয়ন বোর্ডের জলাশয় ও সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য পরিকল্পিতভাবে কার্যক্রম গ্রহণ করা হবে।’