কুমিল্লা নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩০

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও ড্রেন দখল করে নির্মিত চায়ের স্টল, রকমারি পণ্য ও ফলের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উদ্যোগে বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর বেশ কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

কুসিক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নগরীর পুলিশ লাইন, ঝাউতলা, বাদুড়তলা, কান্দিরপাড়, রামঘাট, লাকসাম সড়কের সালাউদ্দিন মোড় ও টমছমব্রিজ এলাকায় সড়ক, ড্রেন ও ফুটপাতের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুলসংখ্যক নগর সেবক (পরিচ্ছন্নতা কর্মী)।

লক্ষ্মীপুর ২৫টি দোকান উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পৌর শহরের আলেকজান্ডার বাজারে জেলা পরিষদের জমি থেকে ২৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিন যাবত্ অবৈধ দখলে থাকা দেড় একর জমি দখলমুক্ত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমিন রামগতি থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, দীর্ঘ সতের বছর এ সম্পত্তি অবৈধ দখলে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে এ সম্পত্তি জেলা পরিষদের মালিকানায় ও দখলে নেওয়া হয়েছে।