প্রথম লেগ
অ্যাটলেটিকো মাদ্রিদ ২ :০ জুভেন্তাস
দ্বিতীয় লেগ
জুভেন্তাস ৩ :০ অ্যাটলেটিকো মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
আস্থার প্রতিদান দিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ এই স্ট্রাইকারকে জুভেন্তাস দলে ভিড়িয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ঘরে তোলার মানসেই। শিরোপা প্রত্যাশী ইতালির ক্লাবটি সে লক্ষ্যে মহাদেশীয় এই প্রতিযোগিতার শেষ ষোলয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ফিরতি লেগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো।
রোনালদো আগেই জানিয়ে ছিলেন জুভেন্তাস মাঠে নামবে প্রথম লেগের দুই গোলের ঘাটতি পুষিয়ে নিতে। দুই দলের ফিরতি লড়াইকে তিনি আখ্যায়িত করেছিলেন ‘বিশেষ রাত’ হিসেবে। বাস্তবেও গত মঙ্গলবার তুরিনে রাতটি বিশেষ হিসেবেই ধরা দিল। কারণ রোনালদো পেলেন চ্যাম্পিয়ন্স লিগে নিজের অষ্টম হ্যাটট্রিক। তারই সুবাদে ইতালির ক্লাবটি উঠে এলো শেষ আটে।
জুভেন্তাস প্রথম লেগে অ্যাটলেটিকোর মাঠে ২-৩ গোলে হেরেছিল। কিন্তু রোনালদোর এই নৈপুণ্যে দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জিতলো কোচ ম্যাসিমিও অ্যালেগ্রির জুভেন্তাস। রোনালদো ২৭, ৪৯ ও ৮৬ মিনিটে গোলগুলো করেন। এর মধ্যে প্রথম দুটি হেডে ও শেষেরটি পেনাল্টি থেকে করেন। এর মধ্যে দ্বিতীয় গোলটি ঠিক হয় গোললাইন প্রযুক্তির সুবাদে।
সঙ্গত কারণেই আনন্দে আত্মহারা রোনালদো জয়ের পর জানিয়েছেন জুভেন্তাস এ জন্যই তাকে এনেছে। বিশ্বের সবচাইতে দামি ফুটবলারদের একজন রোনালদো বলেন, ‘এ জন্যই তো জুভেন্তাস আমাকে এখানে এনেছে। এমন কিছু করতে সাহায্যের জন্য, যা তারা আগে কখনো করেনি। এটা সবসময়েই বিশেষ রাতই হচ্ছিল এবং এটা শুধু গোলের জন্য নয় দলের জন্যও ছিল।’
চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গেল ১৪টি খেলায় এ নিয়ে ১৮ গোল করলেন ফরোয়ার্ডটি। সব মিলিয়ে ১২৪তম গোল।
পর্তুগীজ ফুটবলারটি এ প্রসঙ্গে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জিততে এরকম মানসিকতাই দরকার। আমরা একটা জাদুকরী রাত উপভোগ করেছি। অ্যাটলেটিকো ছিল কঠিন একটা দল। কিন্তু আমরা ছিলাম আরো শক্তিশালী। এখন আমরা দেখবো কি ঘটে।’
রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ মৌসুমে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদোর এ রকম নৈপুণ্য দেখার জন্যই অপেক্ষায় ছিল জুভেন্তাস সমর্থকরা। বিশেষ করে যেখানে তারা ১৯৯৬ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না। জুভেন্তাস স্টেডিয়াম খেলা শেষে তাই আনন্দে বাধভাঙা হয়।
কোচ অ্যালিগ্রিও তার স্ট্রাইকারটির প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি জানান, মঙ্গলবার রাতের বীরত্বের আগে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তারকাটি কেবল এক গোল ছিল, এটা ‘ভাবার জন্যও কষ্টকর’ ছিল। এই রাতে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগের ছয় খেলায় রোনালদোর গোল ছিল কেবল একটি। এটা অ্যালেগ্রিকেও বিস্মিত করেছিল।
তাই খেলা শেষের সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে কেবল এক গোল করেছে, এমনটা ভাবাও ছিল কষ্টকর। সে গোল করেছে মানে সে বক্সে ভালো খেলেছিল। এমনকি তার সতীর্থরাও পরিকল্পনা অনুযায়ী ভালো করেছে। দুর্দান্ত একটা ম্যাচ, সাথে আমাদের সমর্থন করা দারুণ সমর্থক দল; তার সাথে খেলোয়াড়রা সমস্ত ইতালিয়ান ফুটবল সমর্থকদেরই সত্যিকারের একটা নৈপুণ্য উপহার দিল। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।’
অ্যাটলেটিকোর হার মানে স্পানিশ ক্লাবটি এবারের ফাইনালের ভেন্যু নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে খেলার সুযোগ হারালো। অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনি অবশ্য সেরা দলেরই জয় হয়েছে বলে হারটিকে মেনে নেন।
আগামীকাল শুক্রবার শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে। তারপরই জানা যাবে কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের প্রতিপক্ষ কে হচ্ছে।
