কুষ্টিয়ায় বাসচাপায় ট্রাকচালক হত্যা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৯

কুষ্টিয়ার দৌলতপুরে এক ট্রাকচালককে পিটিয়ে বাসের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দৌলতপুর ও মিরপুর উপজেলার মধ্যবর্তী কাতলামারি-দৌলতপুর সড়কের কাতলমারি রাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক গোলাম কিবরিয়া (২৮) মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত ওয়াহেদের ছেলে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পিকনিকের বাস দুটি ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের। পিকনিক করে মেহেরপুরের মুজিবনগর থেকে ফিরছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতলামারি-দৌলতপুর সড়কের কাতলামারি রাজপাড়া এলাকায় একটি পিকনিকের বাসের সঙ্গে একটি ট্রাকের সংর্ঘষ হয়।  এতে ট্রাকের চালক গোলাম কিবরিয়া ট্রাক থেকে নেমে বাসের চালকের কাছে প্রতিবাদ করে। এসময় বাসে থাকা পিকনিকের লোকজন নেমে ওই ট্রাক চালককে টেনে বাসের মধ্যে নিয়ে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে ওই চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বাসটি দ্রুত চলে যেতে গেলে বাসের চাকার নিচে পিষে যায় ট্রাকের চালক। ঘটনাস্থলেই গোলাম কিবরিয়ার মাথা থেতলে মৃত্যু ঘটে।

দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা দৌলতপুর-কাতলামারী সড়কে ঘটলেও লাশটি মিরপুর উপজেলার মধ্যে পড়ে ছিল। তবে, আমরা চালক সহ দুটি বাস আটক করে রেখেছি।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন বলেন, হত্যা না দুর্ঘটনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ট্রাক চালকের মাথা স¤পূর্ণ থেতলে গেছে। লাশ মর্গে নেওয়া হয়েছে।