মিরপুরে চা বিক্রেতার মৃত্যু

মিরপুরের ঘটনায় এক মাসের মধ্যে বিচার দাবি সুরঞ্জিতের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৭
 
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি পুলিশের লাঠির আঘাতে চুলা থেকে ছিটকে পড়া তেলে দগ্ধ চা দোকানির মৃত্যুর ঘটনা দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এক মাসের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
 
শুক্রাবার রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত এ দাবি জানিয়ে বলেন, তেলের আগুনে চা বিক্রেতার মৃত্যু একটি চাঞ্চল্যকর ঘটনা। মানুষ যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে, সেই পুলিশ এ ঘটনার সাথে জড়িত। সেখানে তদন্তের কি আছে? অবিলম্বে এই মামলাটিকে দ্রুত বিচার আইনের আওতায় নিয়ে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩০২ ধারায় হত্যার অভিযোগ দায়ের করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাবেক এই মন্ত্রী।
 
চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম ও হুমায়ুন কবির মিজি প্রমুখ।
 
বুধবার রাতে মিরপুরের গুদারা ঘাট এলাকায় চা দোকানি বাবুল তার দোকানে অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার ঢাকা  মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বাবুলের পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পুলিশ বাবুলের দোকানের কেরোসিনের চুলায় লাঠি দিয়ে আঘাত করেছিল। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়।
 
অবশ্য অভিযোগ অস্বীকার করে শাহআলী থানা থেকে বলা হয়েছে, পুলিশ নয়, সোর্স দেখে পালাতে গিয়ে বাবুল দগ্ধ হন। আর বাবুল নিজেও মাদক বিক্রেতা ছিলেন।