ভুল করেছি বেশ করেছি
তোমার তাতে কী যায় আসে;
চরাও তুমি নিজের গরু
নিজের বোনা দুর্বাঘাসে।।
চরণ গুলোর রচিয়তা লেখক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। যা তার প্রথম কবিতার বই 'আজো, কেউ হাঁটে অবিরাম' নামক বইয়ের কথা। এই কবিতার বইটি শুক্রবার বিকালে বাংলা একাডেমি কবি শামসুর রাহমান মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে গুলতেকিন খান বলেন, 'আমি লিখে যাচ্ছি, সেটা আমার নিজের মতো। বই বেরিয়েছে এবার প্রথম। যদি এর দুয়েকটা লাইন, কোনো একটা কবিতা যদি কারও ভালো লাগে, তাতেই আমি খুবই খুশি হব। আমার এর বেশি কিছু চাওয়ার নাই।' সেইসাথে লেখালেখি ধরে রাখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, 'আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যেন সেটা ধরে রাখতে পারি। যেটা শুরু করেছি কবিতায়।'
প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, কবি গোলাম ফারুক খান, কবি তুষার দাশ, রম্যলেখক আহসান হাবিব ও গুলতেকিন খানের মেয়ে নোভা আহমেদ।
গুলতেকিন খান কৈশোর থেকে কবিতা লিখলেও তার কবিতার বই বেরিয়েছে এই প্রথম, বইটি পাওয়া যাবে তাম্রলিপি প্রকাশনা স্টলে। গুলতেকিন বইটি উৎসর্গ করেছেন দাদা প্রিন্সিপাল ইব্রাহীম খানকে, বইয়ে লিখেছেন- 'প্রথম পাঠক, পথ প্রদর্শক, আমার দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহীম খানকে'।
হুমায়ূনের অনেক বইয়ের প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে গুলতেকিনের বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।ছয়টি বিভাগে সাজানো 'আজো, কেউ হাঁটে অবিরাম' বইটিতে গুলতেকিনের ৩৫টি কবিতা স্থান পেয়েছে। বিভাগগুলো হল- 'ভরে যাক সবার খামার,' 'রাত্রিকে বাঁধো আজ', 'বাজুক স্কুলের ঘণ্টা,' 'আস্তিনজুড়ে মাখিয়েছি কাদা ধুলো ,' 'ফ্রেমে বাঁধলেই শিল্প' এবং 'জানতো না, জানতো না'।
