সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সোনারগাঁওয়ের পানাম নগরী ও বড় সর্দার বাড়ি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। দক্ষিণ কোরিয়ার সহায়তায় বড় সর্দার বাড়ির (জাদুঘর) মতো আগামীতে পানাম নগরীর সংস্কার কাজ করা হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে থাকা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজ প্রায় শেষ পর্যায়ে। এই কাজের পাশাপাশি পানাম নগরীকে সংস্কার করা হলে এ এলাকায় দেশি বিদেশি পর্যটকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এতে করে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি অর্থনীতিও সমৃদ্ধ হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, প্রত্মতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা প্রমুখ।
