বিবর্ণ সময় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন ইকবাল সোবহান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৭
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিবর্ণ সময় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা এই প্রজন্মের কবিদের কাছ থেকে সুবর্ণ সময় আশা করি। কেন না লেখকরাই আমাদের এই সমাজ ও জাতিকে দিক নির্দেশনা দেবে।
 
শুক্রবার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে কবি জান্নাতুল ফেরদৌস পান্নার বিবর্ণ সময় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমাদের এই সমাজের সকল বিবর্ণ সময় দূর করে সুবর্ণ সময়ে ফিরাতে চাই। আর এর জন্য অগ্রণি ভুমিকা পালন করবেন আমাদের কবি সাহিত্যিকরা। আমি কবি জান্নাতুল ফেরদৌস পান্নার বিবর্ণ সময় কাব্যগ্রন্থের সার্বিক সাফল্য কামনা করছি।
 
অনুষ্ঠানে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল বলেন, বিবর্ণ সময় কাব্যগ্রন্থে কবি এই সমাজের সর্বস্তরের মানুষের কথা তুলে ধরেছেন। সমাজের অসহায় মানুষের কথা লিখেছেন, লিখেছেন মানবতার কথা, এমনকি কাব্যগ্রন্থের মূল জায়গায় বঙ্গবন্ধুর বিষয়টিও ভালভাবে স্থান পেয়েছে। যা কবির কাব্যগ্রন্থটিকে সাফল্যে ভরে তুলবে বলে আমার বিশ্বাস। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক, সংবাদ পাঠক রওনক জাহান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রকাশক তাপস কর্মকার, কবি ও সাংবাদিক ঝর্ণা মনি।