ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিম বাখাই গ্রামে অজ্ঞাত রোগে শুক্রবার শিল্পী আক্তার নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ রোগে আরো ২০ জন আক্রান্ত হয়েছেন।
এ রোগে আক্রান্ত রোগীর প্রথমে বমি ভাব, পাতলা পায়খানা ও মুখ মণ্ডলসহ সারা শরীর ফুলে যায়। আক্রান্ত রোগীদের পাশে থাকা ও দেখতে আসা লোকজনের অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন বলে এলাকাবাসী জানান। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, রোগটির বিষয়ে জানতে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যাবে।
জানা যায়, পশ্চিম বাখাই গ্রামে প্রায় ১০ দিন আগে নজরুল ইসলাম খান বিল্লাল (৪০), তার স্ত্রী মনি আক্তার (৩৬), মেয়ে মুনা আক্তার (৮) ও মুক্তা আক্তার (৬) এ রোগে আক্রান্ত হয়। পরে এ পর্যন্ত তার ভাই আজাহারুল ইসলাম দিদারুল (৩৫), ভাগ্নি মণ্ডল বাড়ি মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা শিল্পী আক্তার (২৫), তার মা নুর নাহার বেগম (৪৫), ভগ্নিপতি আব্দুল শহিদ (৩৫), মেয়ে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী জুথিয়া আক্তার, নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার, ভাই স্বাধীন (৯), আজিজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার (৪০), মেয়ে প্রিয়া আক্তার (১৫), আব্দুল খালেকের ছেলে মোতালেব (৪০) আবুতালেব (৩৫) ও আজাহারুল ইসলাম দিদারুলের শ্বশুর শ্বাশুড়ি আক্রান্ত হন।
স্থানীয় ইউপি সদস্যা কুসুম জানান, আক্রান্ত নজরুল ইসলাম খান বিল্লালসহ অনেকেই ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো চিকিৎসকরা রোগটির বিষয়ে কিছু বলছেন না। তাদের ওষুধের পাশাপাশি রক্ত দিতে হচ্ছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে শিক্ষীকা শিল্পী আক্তারের মৃত্যু হয়েছে।
