পল্টনে বাসচাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৯
রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল হোসেন মাতুব্বর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত আবুল হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরে। শারীরিক চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় এসেছিলেন তিনি। 
 
শনিবার বিকেলে মেয়ের পূর্ব রামপুরার বাসা থেকে বিকেলে পল্টনে একটি ক্লিনিকে যাচ্ছিলেন তিনি।  কিন্তু সেখানে রাস্তা পারাপারের সময় দুইটি বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন আবুল হোসেন। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। 
 
পরে সন্ধ্যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।