খুলনা অফিস
কটকা ট্র্যাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোক দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এদিনে সুন্দরবনের কটকায় শিক্ষা সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন ও বুয়েটের দু’জনসহ ১১ জন শিক্ষার্থী সাগরে ডুবে মারা যায়। সেই থেকে প্রতিবছর ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
সকাল সাড়ে দশটায় কালোব্যাজ ধারণ করে বেলা পৌনে ১১টার দিকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে দিয়ে পুনরায় হাদী চত্বর হয়ে কটকা স্মৃতিস্তম্ভে পৌঁছায়। শোকর্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
পরে কটকা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এরপর কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, স্থাপত্য ডিসিপ্লিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন হল, শিক্ষক ও ছাত্রদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
