বইমেলায় এসেছে ‘মন খারাপের গাড়ি’। শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ কবিতা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটির রচয়িতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
গত বই মেলায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র শাকিলের ‘খেরোখাতার পাতা থেকে’ নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’তে শাকিলের ৯২টি কবিতা স্থান পেয়েছে। বইয়ের উৎসর্গে শাকিল লিখেছেন, ‘দগ্ধ সময়কে/যাকে ধরতে চেয়েছিলাম আমারই রক্তে-কষ্টে কলমে’।
ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির আবেগই মুখ্য হয়েছে উঠেছে তার কবিতায়।
প্রকাশনা অনুষ্ঠানে বাংলার অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমার কাছে মনে হয়েছে দুই-একটি ব্যতিক্রম বাদে এই বইয়ের সব কবিতা তার (শাকিলের) ব্যক্তিগত অনুভূতির কবিতা। কবি নিজের সঙ্গে কথা বলেছেন, তার প্রেম যেমন ব্যক্তিগত, তার প্রকৃতি তেমন ব্যক্তিগত, সে চারপাশে যা দেখছে এটাকে নিজের করে নিয়ে প্রকাশ করেছে।’
