মোবাইল অপারেটর রবির সঙ্গে এয়ারটেলকে একীভূত করার বিষয়ে আলোচনা করতে অপর চারটি অপারেটর প্রতিনিধিদের সোমবার বৈঠকে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। রবিবার বৈঠকের আমন্ত্রণ জানিয়ে গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও টেলিটক ব্যাবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।
বিটিআরসি জ্যেষ্ঠ সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড লাইসেনসিং বিভাগ) এস এম গোলাম সরোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সোমবার বিটিআরসি কার্যালয়ে বৈঠকে কমিশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। প্রতি অপারেটরের তিন জন করে প্রতিনিধি বৈঠকে থাকতে পারবেন। রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করার আবেদনের নিষ্পত্তির জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করেছে বিটিআরসি।
দুই অপারেটরের ব্যবসা একীভূত করতে ২৮ জানুয়ারি আনুষ্ঠানিক চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে। এই দুই কোম্পানি এক হলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ। পাঁচ কোটির বেশী গ্রাহক নিয়ে গ্রামীণফোন আছে সবার উপরে।
