কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে আসন্ন উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
সরেজমিনে জানা গেছে, গত কয়েকদিন ধরে দিন-রাত চলছে নির্বাচনী গণসংযোগ। সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রার্থীরা নিজে ও তাদের নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও পথসভাসহ বিভিন্নভাবে গণসংযোগ করছেন। গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগের কাজ। গ্রামে-গঞ্জে চায়ের দোকান ও পানের দোকানে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে চলছে ভোটালাপ। দুপুর থেকে রাত পর্যন্ত মাইকের আওয়াজে মুখর হয়ে থাকছে গ্রাম-শহর। প্রকাশ্যে প্রচার-প্রচারণায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পিছিয়ে নেই কেউ। কালিয়াকৈরে আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন আওয়ামী লীগের নৌকার টিকিট পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, তিনি প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন নেওয়ার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
অপরদিকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আনারস প্রতীক পেয়ে কর্মীসভার মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি তাকে সমর্থন দিয়েছেন বলে প্রচার কার্যক্রম শুরু করেন।
এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আহম্মেদ ওরফে সেলিম আজাদ (তালা) প্রতীক, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আ-ফ-আ-হা- জেহাদী মোজাদ্দেদী (হাদি) (মাইক) প্রতীক, মো. সোহেল রানা (টিয়াপাখি) প্রতীক, মো. মতিউর রহমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রচার কার্যক্রম চালাচ্ছেন এবং সংরক্ষিত নারী আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন (ফুটবল) প্রতীক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার (হাঁস) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সদস্য নাজমা সরকার (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের বিষয়ে কথা হলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. রেজাউল করিম রাসেল আওয়ামী লীগের নেতা-কর্মীদের এক হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নৌকা প্রতীক আমাদের সম্মান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান, নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতীক। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসুন আমরা সকলে এক হয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করি।
