ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শ্বশুর-জামাইয়ের লড়াই জমে উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা বিভক্ত হয়ে পড়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনের মাঠ ততই জমে উঠছে।
আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ধামইরহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র কাপ পিরিচ মার্কা প্রার্থী আনম আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হানজালা আনারস মার্কা, জাপা মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী দেওয়ান আব্দুল হান্নান বাবুল এবং স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আয়েন উদ্দিন ডালিম ঘোড়া মার্কা। তবে নির্বাচনের মাঠে নৌকা, কাপ পিরিচ ও আনারস মার্কার প্রার্থীকে নিয়ে বেশি আলোচনা চলছে।
উপজেলা সদরের বাসিন্দা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজহার আলীর বড় ভাইয়ের জামাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনম আফজাল হোসেন। নির্বাচনের আগ পর্যন্ত এ দুই প্রার্থীর মধ্যে সুসম্পর্ক ছিল। আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূলের ভোটে আজাহার আলী প্রথম ও তার জামাই আনম আফজাল হোসেন দ্বিতীয় স্থান লাভ করেন। পরবর্তীতে আজহার আলী আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনীত হন। সেই মোতাবেক আজাহার আলী দলীয় মনোনয়নে মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেনও মনোনয়নপত্র জমা দেন। অনেকে ধারণা করেছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হয়ত জামাই আফজাল হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। কিন্তু সেটি আর হয়নি। প্রতীক বরাদ্দের পর থেকে শ্বশুর জামাই পৃথকভাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। সেই সঙ্গে পরিবারের সদস্যরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
এলাকাবাসী মনে করছেন বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে। তবে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হানজালার ওপর শেষ মুহূর্তে বিএনপি-জামায়াতের লোকজন ভর করলে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যে কেউ জয়ী হতে পারে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আনজু আরা বেগম হাঁস মার্কা, পৌর যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক তমা আখতার গোলাপফুল মার্কা, আদিবাসী নারী নেত্রী সাবিনা এক্কা কলম মার্কা, বিএনপির বহিষ্কৃত নেত্রী শাহিনা আক্তার ফুটবল মার্কা। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদেও চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই দুলাল তালা মার্কা, থানা যুবলীগের সহসভাপতি সেলিম মাহমুদ রাজু টিয়া পাখি মার্কা, থানা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা উড়োজাহাজ মার্কা, থানা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম টিউবওয়েল মার্কা। আগামী ১৮ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
